for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ জুলাই ২০১৬, রবিবার, ২০:২৯:০৪

এবার মেসিকে ফেরাতে রাস্তায় নেমেছেন আর্জেন্টিনার মানুষ। গতকাল (শনিবার) দেশটির রাজধানী শহরের রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ। তাঁরা স্লোগানে-স্লোগানে প্রকম্পিত করলেন চারপাশ। তাঁদের দাবি ফিরে আসুন মেসি, ফিরিয়ে আনা হোক মেসিকে। জাতীয় দলের জার্সিতে ব্যর্থ হয়ে আর্জেন্টাইন মহাতারকার অকালে অবসর ঘোষণা কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।
গত ২৭ জুন শতবর্ষী কোপার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর হতাশ-বিধ্বস্ত মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন। ব্যাপারটা এমনই ছিল যে ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে পড়েছিলেন অনেকেই। একে তো বড় প্রতিযোগিতায় আর্জেন্টিনার টানা তিন ফাইনালে হার, তার ওপর মেসির এই ঘোষণা শোকে রীতিমতো স্তব্ধই হয়ে গিয়েছিলেন আর্জেন্টাইনরা। দেশটির প্রেসিডেন্ট থেকে শুরু করে সাবেক ফুটবলার, প্রায় সকলেই মেসিকে জাতীয় দলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তবে বুয়েনস এইরেসের রাস্তায় হাজারো মানুষের মেসিকে অবসর ভাঙার আহবান এই প্রথমই।

মেসিকে ফেরার আহ্বান জানানো বিক্ষোভকারীদের একজন সান্তিয়াগো বোরদারো শুনিয়েছেন মেসিকে নিয়ে তাঁদের মুগ্ধতার কথা, ‘মেসিদের জন্ম হয় প্রতি ৫০০ বছরে একবার। আমরা তার খেলা উপভোগ করি। আমরা সৌভাগ্যবান যে মেসির মতো খেলোয়াড়ের আবির্ভাব আমাদের সময়ে।’
হুয়ান আলবার্তো সালাস নামের আরও একজন ভক্ত বলেছেন, ‘আমি আবেগময় হলে ক্ষমা চাই কিন্তু মেসিকে ফিরতেই হবে—এটাই আমি বিশ্বাস করি। আমি উপলব্ধি করি। সে সত্যিই ভিন্ন কিছু।’
বুয়েনস এইরেসের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত ওবেলিসকো মনুমেন্টকে কেন্দ্র করে যখন ফুটবলপ্রেমীরা মেসিকে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন, তখন ফুটবলের এই মহাতারকার ছুটি কাটাতে বাহামা থাকার কথা। কোপার ফাইনালের পর গণমাধ্যমের কাছে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় দেওয়ার ঘোষণার পর এ ব্যাপারে আর কোনো কথাই বলেননি মেসি। আর্জেন্টাইন ফুটবলপ্রেমীরা এখন তাঁর মুখ থেকে ফেরার ঘোষণাটা শুনতে উন্মুখই।
For add
For add
For add
For add
for Add