for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ ডিসেম্বর ২০২০, বুধবার, ১৮:৪৮:২৪

স্পট কিক থেকে পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দুই গোলে লিওনেল মেসির বার্সেলোনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জি-গ্রুপের শীর্ষ দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে জুভেন্টাস।
২০১৮ সালে রোনাল্ডোর জুভেন্টাসে যোগ দেবার পর ক্যাম্প ন্যু’তে এটাই ছিল দুজনের প্রথম সাক্ষাত, যেখানে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে রোনাল্ডোই।
আন্দ্রে পিরলোর জুভেন্টাস অক্টোবরে তুরিনে ঘরের মাঠে বার্সার কাছে ২-০ গোলে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা লাভ করেছিল। ওই ম্যাচে অবশ্য কোভিড-১৯ আক্রান্ত থাকায় খেলতে পারেননি রোনাল্ডো। গতকাল রাতের ম্যাচটি তার যেন অনেকটাই প্রতিশোধের ম্যাচে পরিণত হয়েছিল। ডায়নামো কিয়েভ ও ফেরেনভারোসকে পিছনে ফেলে গ্রুপের দুই ফেবারিট দল হিসেবে আগেই নক আউট পর্ব নিশ্চিত করে ফেলেছিল দুই দল। কাল শুধু ছিল গ্রুপের শীর্ষ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার। শেষ পর্যন্ত সফল হয়েছে ইতালিয়ান জায়ান্টরা। ২০১৩ সালের পর এই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনার বিপক্ষে জয়ী হলো জুভেন্টাস।
ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরুটাও মোটেই ভাল হয়নি বার্সার। ১৩ মিনিটে ডেডলক ভাঙ্গেন রোনাল্ডো। ডি বক্সের ভিতর রোনাল্ড আরায়ুজোর চ্যালেঞ্জে পেনাল্টি আদায় করে নেন এ পর্তুগীজ সুপারস্টার। মার্ক টার-স্টেগানকে উল্টো দিকে পাঠিয়ে জুভেন্টাসকে লিড এনে দেন রোনাল্ডো।
দ্বিতীয় গোলের জন্য অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জুভেন্টাসকে। হুয়ান কুয়াড্রাডোর ক্লিপড ক্রসে ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনির দুর্দান্ত ভলিতে ব্যবধান দ্বিগুণ করে তুরিনের জায়ান্টরা।
এর পর ৫২ মিনিটে ক্লেমেন্ট ল্যাঙ্গেলেটের হ্যান্ডবলে প্রাপ্ত পেনাল্টি থেকে রোনাল্ডোর তার দ্বিতীয় গোল পূর্ণ করেন।
২০০৯ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ঘরের মাঠে এই প্রথম পরাজয়ের মুখ দেখলো বার্সেলোনা। হতাশ গ্রীজম্যান ম্যাচ শেষে বলেছেন, আমরা মোটেই ভাল খেলতে পারিনি। প্রথমার্ধেই তারা মূলত ম্যাচ শেষ করে দিয়েছিল। সব বিভাগেই আজ আমরা ব্যর্থ হয়েছি। নিজেদের মধ্যে জয়ের আকাঙ্খা দেখা যায়নি।
For add
For add
For add
For add
for Add