for Add
নিজস্ব প্রতিবেদক : ৩১ আগস্ট ২০২২, বুধবার, ৪:৫১:১৬

পোলার আইসক্রীম ২৭তম জাতীয় স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার বালক বিভাগে সেন্ট গ্রেগরীজ হাই স্কুল এবং বালিকা বিভাগে ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৩০ আগস্ট বালক বিভাগের ফাইনালে সেন্ট গ্রেগরীজ হাই স্কুল ৩৫-২৪ গোলে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-০৯ গোলে এগিয়ে ছিল। দলের হয়ে আরাফাত সর্বোচ্চ ১০টি গোল করেন। তবে নারিন্দার হয়ে সর্বোচ্চ ১২ গোল করেছেন মো. রাফি।
একই ভেন্যুতে বালিকা বিভাগের ফাইনালে ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ ১২-০৬ গোলে সানিডেল স্কুলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০৬-০২ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের নওসিন ও মোহতাফিন ৪ টি করে গোল করেন।
তবে বালক বিভাগের স্থান নির্ধারণী ম্যাচে সানিডেল স্কুল ২১-১৬ গোলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে পরাজিত করে তৃতীয় হয়েছে। বালিকা বিভাগে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ ০৮-০৫ গোলে কদমতলা পুর্ব বাসাবো স্কুলের বিপক্ষে জয়লাভ করে।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
উল্লেখ্য এ বছর ঢাকা মহানগরীর সর্বমোট ৪০টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে বালক বিভাগে ২২টি ও বালিকা বিভাগে ১৮টি দল ছিল।
For add
For add
For add
For add
for Add