for Add
: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২১:০৩:১১

ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত করার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তার মতে, ১৯৭১-এর পর রাজনীতির অনুপ্রবেশে ক্রীড়াঙ্গনের পরিবেশ ও খেলাধুলার মানে নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে ঢাকার মাঠে ক্লাব ফুটবলের অংশগ্রহণও ধীরে ধীরে কমে যায়।
শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে মোহামেডান সমর্থক দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতিচারণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব আমার কাছে নিখাদ আবেগ ও ভালোবাসার আরেক নাম।’ সময়ের সঙ্গে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ কিছুটা কমে গেলেও তার খেলোয়াড়ি সময়ে ফুটবলকে ঘিরে মানুষের আবেগ ছিল অন্যরকম।
১৯৬৭ সালে মোহামেডানে খেলার স্মৃতি তুলে ধরে তিনি বলেন, তখন ক্লাব ফুটবলে খেলা ছিল অত্যন্ত সম্মানের বিষয়। স্বাধীনতার আগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ছিল ঢাকার ফুটবলের অন্যতম জনপ্রিয় দুই দল। তবে মোহামেডানে বাঙালি খেলোয়াড়দের উপস্থিতির কারণে দলটির প্রতি বাঙালিদের সমর্থন ছিল বেশি।
স্পিকার আরও বলেন, ক্লাব ফুটবল থেকে জাতীয় দল—সব পর্যায়েই পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করে বাঙালি খেলোয়াড়দের নিজেদের জায়গা করে নিতে হতো।
তরুণ প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বও তুলে ধরেন তিনি। তার মতে, খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে দেখলে হবে না; তরুণদের সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও অপরাধমুক্ত জীবন গঠনের অন্যতম কার্যকর মাধ্যম হিসেবেও খেলাধুলাকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের শুরুতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অতীতের সাফল্য এবং স্পিকারের খেলোয়াড়ি জীবনের বিভিন্ন দিক নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে স্পিকারসহ আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদান, উত্তরীয় পরিয়ে দেওয়া এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মোহামেডান সমর্থক দলের সাধারণ সম্পাদক এফ. এম. রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, মোহামেডান সমর্থক দলের ভাইস চেয়ারম্যান মো. হাতেম, সংসদ সদস্য ও মোহামেডান সমর্থক দলের উপদেষ্টা কমিটির সদস্য সচিব খাইরুল কবীর খোকন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং মোহামেডান সমর্থক দলের সভাপতি এস এম আলমগীর আবুল।
For add
For add
For add
For add
for Add