for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৩:০৪:৫৩

শুরুতে সমানে সমান লড়াই, শেষ পর্যন্ত ২৮-১৬ গোলের হার। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতকে আটকে রাখতে পারেনি বাংলাদেশ। বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে চার জাতির নারী হ্যান্ডবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে অপরাজিত ভারত।
ম্যাচের প্রথম ১০ মিনিটে ভারতের শারীরিক উচ্চতা ও শক্তির সঙ্গে সমানতালে লড়াই করে বাংলাদেশ। প্রথমার্ধে ১৪-৯ গোলে এগিয়ে ছিল ভারত। বিরতির পর ব্যবধান কমানোর চেষ্টা করলেও ভারতের গোলকিপার দিকশা কুমারীর দুর্দান্ত পারফরম্যান্সে বারবার আটকে যায় বাংলাদেশের আক্রমণ। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
টুর্নামেন্টে নেপাল ও মালদ্বীপকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে লিগ পর্বের পর শিরোপার লড়াইয়েও ভারতের কাছে হারতে হলো সাকিবা-নিশিদের। টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ভাবনা শর্মা।
এর আগে মালদ্বীপকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ জিতেছে নেপাল।
ফাইনাল শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। এ সময় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এবং টুর্নামেন্ট কমিটির কো-অর্ডিনেটর এস এম খালেকুজ্জামান স্বপন উপস্থিত ছিলেন।
শিরোপা না জিতলেও ভারতের বিপক্ষে লড়াকু পারফরম্যান্সে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ।
For add
For add
For add
For add
for Add