for Add
: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৮:৪০:২৭

টানা তিন দিনের বৃষ্টির পর অবশেষে আজ নাগোয়ার আকাশে দেখা মিলেছে সূর্যের। চার দিনের অপেক্ষার পর মাঠে নেমে পূর্ণাঙ্গ অনুশীলনও করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তাতে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। কাল সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুত লিটন দাসের দল।
শুক্রবার জাপানে পৌঁছালেও এখনো মাঠে নামা হয়নি বাংলাদেশের। বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে একটি বলও মাঠে না গড়িয়েই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ। কিন্তু সেমিফাইনাল নিয়েও ছিল বৃষ্টির শঙ্কা। আজকের রোদ সেই শঙ্কা অনেকটাই দূর করেছে।
কোরোগি স্পোর্টস পার্কে আজ অনুশীলন করেছে বাংলাদেশ দল। চার দিন পর মাঠে নেমে স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। অনুশীলন শেষে সেই স্বস্তির কথাই জানালেন ইয়াসির আলী রাব্বি।
রাব্বি বলেন, ‘এখানে আসার পর বৃষ্টির কারণে আমরা ঠিকঠাক অনুশীলন করতে পারিনি। ম্যাচটাও খেলতে পারিনি। তবে আজকের আবহাওয়া দেখে ভালো লাগছে। এখানে আজই প্রথম রোদ দেখলাম। আশা করি কালকেও ভালো একটা আবহাওয়া পাব। ভালো একটা ম্যাচ হবে আশা করছি।’
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি না হওয়ায় বাংলাদেশ জাপানে এসে এখনো কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলার সুযোগ পায়নি। এমন পরিস্থিতিতে অনুশীলন এবং ম্যাচের আবহাওয়ার পাশাপাশি উইকেট নিয়েও আগ্রহ ছিল দলের। আজ উইকেট দেখে সন্তুষ্ট রাব্বি। তাঁর আশা, কালও ব্যাটিং-বোলিংয়ের জন্য ভালো একটি উইকেট পাওয়া যাবে।
রাব্বি বলেন, ‘উইকেট দেখেছি, ভালোই। আশা করি ভালো উইকেটেই আমরা খেলব।’
তবে সেমিফাইনালের আগে বাংলাদেশ শিবিরে এসেছে একটি দুঃসংবাদ। অসুস্থতার কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্ত। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শান্তকে হারানো নিঃসন্দেহে বাংলাদেশের ব্যাটিং পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। তবে তাঁর অনুপস্থিতিকে অজুহাত হিসেবে দেখছেন না রাব্বি।
শান্তকে নিয়ে তিনি বলেন, ‘এটা আনফরচুনেট, ওকে চলে যেতে হয়েছে। আমাদের সামনে এগোতে হবে। ব্যাটিং অর্ডার যা আছে, আমাদের এগিয়ে যেতে হবে।’
এশিয়ান গেমসের সেমিফাইনালে ওঠার পথটাও বাংলাদেশের জন্য ছিল অদ্ভুত। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় কোনো ক্রিকেটীয় লড়াই ছাড়াই শেষ চার নিশ্চিত হয়েছে। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠের লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে।
প্রতিপক্ষ পাকিস্তান। আর সেমিফাইনাল মানেই ভুলের সুযোগ কম। তাই একদিকে যেমন চার দিনের ম্যাচ-ঘাটতি পুষিয়ে নিতে হবে, অন্যদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সামর্থ্যেরও প্রমাণ দিতে হবে লিটন দাসের দলকে।
সবচেয়ে বড় স্বস্তি অবশ্য নাগোয়ার আকাশ নিয়ে। টানা বৃষ্টির পর আজকের রোদ বাংলাদেশ শিবিরে এনে দিয়েছে স্বস্তির বার্তা। এখন সেই স্বস্তিকে আত্মবিশ্বাসে রূপ দেওয়ার পালা।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে নামবে বাংলাদেশ। একই দিন সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।
For add
For add
For add
For add
for Add