for Add
নিজস্ব প্রতিবেদক : ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ১৮:৫৯:১৮

আলপনার ৭ গোলে ১৩ ব্যবধানের জয়, পরের ম্যাচে প্রতিপক্ষ ভারত
২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের তিক্ত স্মৃতি পেছনে ফেলে এবার দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। ঘরের মাঠে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির’ উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে আন্তর্জাতিক অভিযান শুরু করেছে স্বাগতিকরা।
আজ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। প্রথমার্ধে নেপাল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও স্বাগতিকদের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি। বিরতিতে ১৩-৯ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণ। একের পর এক গোল করে ব্যবধান বাড়াতে থাকে স্প্যানিশ কোচ আনা আলোনসোর দল। শেষ পর্যন্ত ১৩ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান আলপনা আক্তারের। দুর্দান্ত নৈপুণ্যে একাই ৭ গোল করে ম্যাচসেরা হয়েছেন তিনি। তাঁর সঙ্গে আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মিষ্টি খাতুন ও শ্যামলী মিঞ্জ। দুজনই করেছেন ৬টি করে গোল।
এ ছাড়া অধিনায়ক ইসমেতারা নিশি ৫টি, সায়মা জান্নাত সীমা ৪টি এবং মাসুদা আক্তার করেছেন ২টি গোল। পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা একটি করে গোল করে দলের জয়ে অবদান রেখেছেন।
চার দলের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার লড়াইয়ে এগিয়ে থেকে ফাইনালে জায়গা করে নেওয়াই এখন বাংলাদেশের লক্ষ্য।
নেপালের বিপক্ষে বড় জয় আত্মবিশ্বাস বাড়াবে বাংলাদেশের। তবে এই স্বস্তির জয় উদ্যাপনের সময় বেশি নেই দলের। আগামীকাল দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করতে সেই ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে স্বাগতিকরা।
For add
For add
For add
For add
for Add