for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১:০২:২৪

চলমান এশিয়া কাপে টাইগারদের ভালো করার সম্ভাবনা আছে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার মতে নিজেদের সেরাটা দিতে পারলে অবশ্যই ভালো করবে টাইগাররা।
প্রথমবারের মত ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করবে বাংলাদেশ। আজ বিসিবির রান-স্কোরিং কর্মশালায় সাংবাদিকদের বুলবুল বলেন, ‘এই টুর্নামেন্ট আমাদের স্মরণীয় করে রাখার সম্ভাবনা আছে। যেকোনও ভবিষ্যদ্বাণী করা কঠিন, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। তবে আমি আত্মবিশ্বাসী।’
সাবেক অধিনায়ক এবং দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুলের বিশ্বাস, রানিং বিটুইন দ্য উইকেট খুবই গুরুত্বপূর্ণ হবে।
তিনি বলেন, ‘আমি মনে করি রানিং বিটুইন দ্য উইকেট খেলার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি আমরা রানিং বিটুইন দ্য উইকেটে ১৫ রান বেশি করতে পারি বা ফিল্ডিংয়ে ১০ রান বেশি করতে পারি, তাহলে এই ২৫ রানই ম্যাচের ফল নির্ধারণ করবে।’
‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, শ্রীলংকা এবং আফগানিস্তান। আগামীকাল আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে টাইগাররা।
হংকংকে সহজ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হলেও, বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ আফগানিস্তান এবং শ্রীলংকা।
হংকংকে ৯৪ রানে হারিয়ে বড় জয়ে টুর্নামেন্ট শুরু করেছে আফগানিস্তান।
আবুধাবির উইকেট বাংলাদেশের মতই হবে বলে বিশ্বাস করেন বুলবুল। তিনি বলেন, ‘আবুধাবিতে, ঘরের মাঠের মত সুবিধা পেতে পারে বাংলাদেশ। আমাদের দক্ষতা এবং সম্ভাবনা রয়েছে। আমরা আমাদের সেরাটা দিতে পারলে ভালো কিছু সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
For add
For add
For add
For add
for Add