for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ২২:২৫:৪৬

উরুগুয়ের তারকা স্ট্রাইকার এডিনসন কাভানির সাথে চুক্তি নবায়নের বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাব ম্যানেজার ওলে গানার সুলশার।
৩৩ বছর বয়সী এ তারকা স্ট্রাইকার অক্টোবরে এক বছরের চুক্তিতে পিএসজি থেকে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। তবে তার চুক্তির শর্তানুযায়ী আরো এক বছর তা বাড়ানোর ক্লজ ছিল।
এবারের মৌসুমে তিনি প্রিমিয়ার লিগে মাত্র একটি ম্যাচে মূল একাদশে সুযোগ পেয়েছিলেন। আট ম্যাচে এ পর্যন্ত করেছেন তিন গোল। শনিবার লিস্টানের সাথে ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতে ব্রুনো ফার্নান্দেসের দ্বিতীয় গোলটিতে বদলী বেঞ্চ থেকে উঠে এসে তিনি সহযোগিতা করেছিলেন।
নতুন চুক্তিতে কাভানিও আগ্রহ প্রকাশ করবেন বলে সুলশার আশাবাদী। এ সম্পর্কে ইউনাইটেড বস বলেন, ‘এডিনসনের হাতে আর মাত্র কয়েক বছর বাকি রয়েছে। আমি এ সম্পর্কে কিছু বলতে চাইনা। সে দারুণভাবে নিজেকে প্রমাণ করেছে এবং আমারও তার ওপর আস্থা আছে। বদলী খেলোয়াড় হিসেবেও সে সমানভাবে পারদর্শী। অবশ্যই মূল একাদশে জায়গা পাওয়াটা তার প্রাপ্য।’
ফ্রান্স থেকে ইংল্যান্ডের আসার পর কাভানিকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। জুনের শেষ নাগাদ পিএসজি ছাড়ার পর ওই সময়টা তাই ফিটনেস নিয়ে কাভানিকে কাজ করতে হয়েছে। হালকা কিছু ইনজুরির কারণেও তিনি মাঝে কিছুটা সময় দলের বাইরে ছিলেন। যদিও অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে সবকিছুর পরেও কাভানির আত্মবিশ্বাসে কোনো ঘাটতি দেখা যায়নি।
ইউনাইটেডের ৭ নম্বর জার্সির একটি আলাদা ঐতিহ্য আছে। জর্জ বেস্ট, ব্রায়ান রবসন, ডেভিড বেকহ্যাম, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো বিশ্বসেরা তারকারা এই নম্বরের জার্সি গায়ে ইউনাইটেডের হয়ে মাঠ মাতিয়েছেন। সুলশার বলেছেন ইউনাইটেডে আসার পর এই একটি বিষয় নিয়ে কাভানি তাকে অনুরোধ জানিয়েছিল, তাকে যেন ৭ নম্বর জার্সিটি দেয়া হয়। ওই মুহূর্তে সবকিছু বিবেচনায় কাভানিকে ৭ নম্বর জার্সিটিই উপহার দেয়া হয়েছে। বাসস।
For add
For add
For add
For add
for Add