for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ আগস্ট ২০১৬, মঙ্গলবার, ১৮:১৪:৪৪

রবিবার রাতে ঢাকায় ফিরলেও জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে আজই(মঙ্গলবার) প্রথম আনষ্ঠানিকভাবে কথা বলেছেন মিডিয়ার সঙ্গে। লম্বা ছুটি কাটিয়ে আসার পর দলের ম্যাচ অনুশীলনের অভাবের কথাই বলেছেন এ লঙ্কান কোচ। মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট নেই বাংলাদেশ। ওয়ানডে খেলা হয় না আরও আগের থেকে, টেস্ট ক্রিকেটের বাইরে থাকাও বছর পেরিয়ে যাচ্ছে। হাথুরু ব্যাপারটিকে ভাবনার বিষয় হিসেবেই দেখছেন, ‘আমরা দীর্ঘদিন ম্যাচ খেলিনি, অসুবিধা এটিই। কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে ইংল্যান্ড সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য আমাদের যথেষ্ট সময় আছে। আমরা ভালোভাবেই প্রস্তুতি নিতে পারব। ইতিবাচক দিক এটিই।’
আপাতত পরিকল্পনামাফিক অনুশীলন চালিয়ে যাওয়াতেই গুরুত্ব দিচ্ছেন হাথুরু। তবে ম্যাচ অনুশীলনও এ সময় গুরুত্ব পাচ্ছে তাঁর কাছে, ‘আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে পরিকল্পনামাফিক অনুশীলন চালিয়ে যাওয়া। প্রতিটি অনুশীলন সেশনের শেষে খেলোয়াড়দের ম্যাচ কন্ডিশনে নিয়ে কিছু ম্যাচও খেলাতে পারি।’ হাথুরু জানিয়েছেন, আপাতত কয়েক দিন ফিটনেস অনুশীলন হবে। ২০ তারিখ থেকেই শুরু হবে দলের ব্যাটিং ও বোলিং অনুশীলন।
বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে ইংলিশ ক্রিকেট বোর্ডের উদ্বেগ ও সিরিজ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার বিষয়টি নিয়ে আগ্রহ সীমিতই হাথুরুর, ‘পুরো বিষয়টিই ইংল্যান্ডের হাতে। আমরা কেবল নিরাপত্তার ব্যাপারে তাদের নিশ্চয়তা দিতে পারি। বাকি সিদ্ধান্তটা নেবে তারাই। আমি শুনেছি, কয়েক দিনের মধ্যেই নিরাপত্তা বিশেষজ্ঞরা এখানে আসবেন। তখন অবশ্যই তাঁরা সবকিছু দেখে–শুনে এ ব্যাপারে একটি সিদ্ধান্তে আসতে পারবেন। এই মুহূর্তে আমরা কেবল প্রস্তুতিতেই মনোযোগ দিতে চাই।’
For add
For add
For add
For add
for Add