for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ জুন ২০১৬, শনিবার, ২২:২২:০১

সব কিছু চূড়ান্তই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও সাইফ পাওয়ার গ্লোবাল স্পোর্টসের মধ্যে সে আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে। আজ (শনিবার) স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে সাইফ গ্লোবাল স্পোর্টস। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে আরও আকর্ষণীয় ও দর্শকপ্রিয় করে তোলার উদ্যোগ নিয়েছে বাফুফে। এ লিগ আয়োজন করতে পাঁচ বছরের জন্য বার্ষিক ৪ কোটি টাকা মোট ২০ কোটি টাকায় বিপিএল-এর স্বত্ব কিনেছে সাইফ গ্লোবাল স্পোর্টস।
আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে ২০১৫-১৬ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। চুক্তি অনুযায়ী গেটমানির ৭৫ শতাংশ পাবে সাইফ পাওয়ারটেক। আয়োজক সংস্থা পাবে ২৫ শতাংশ। টেকনিক্যাল সাপোর্ট, ম্যাচ কমিশনারসহ ম্যাচ সংক্রান্ত সবকিছুর স্বত্ব থাকছে বাফুফের হাতেই। প্রতিটি ভেন্যুতেই পর্যায়ক্রমে মোট ১৩২টি খেলা হবে। এর মাঝে ১১০টি খেলা হবে ঢাকার বাইরে।
সাতটি ভেন্যুকে বিবেচনায় রাখা হয়েছে। ভেন্যুগুলো হলো : ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম, রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, বরিশাল জেলা স্টেডিয়াম, ময়মনসিংহের জেলা স্টেডিয়াম এবং গোপালগঞ্জের শেখ মনি ফজলুল হক স্টেডিয়াম। এর মধ্যে থেকে ৬টি ভেন্যুতে খেলা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি বাদল রায়, মহউদ্দিন আহমেদ মহি, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচাল তালুকদার মোহাম্মদ রুহুল আমিন উপস্থিত ছিলেন।
For add
For add
For add
For add
for Add