for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ মে ২০১৬, শুক্রবার, ২০:২৬:৫৫
চরম উত্তেজনাময় সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে মার্সেল ক্লাব কাপ হকির ফাইনালে উঠেছে ঊষা ক্রীড়া চক্র। আজ (শুক্রবার) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঊষা জিতেছে ৭-৫ গোলের ব্যবধানে। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ৩-৩ গোলে।
সেমির হাই ভোল্টেজ ম্যাচের একেবারে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মোহামেডান। কিন্তু রুবেল হোসেনের ব্যর্থতায় সুযোগটা কাজে লাগাতে পারেনি তারা। ৯ মিনিটে কৃষ্ণ কুমার দাস অবশ্য ভুল করেননি। পিসি থেকে সরোয়ার জাহান স্টপ করার পর বলের পুরোপুরি নিয়ন্ত্রন না নিতে পেরেও জোরালো হিটে ঊষাকে ১-০ তে এগিয়ে দেন তিনি। উজ্জীবিত ঊষা একের পর এক আক্রমনে মোহামেডানের রক্ষণ ব্যতিব্যস্ত করে তুললেও মিমো-কৃষ্ণদের মিসে ব্যবধান বাড়াতে পারেনি। দুটো পেনাল্টি কর্নারও মিস করেন ঊষার স্ট্রাইকাররা। মিসের মহড়ায় পিছিয়ে ছিল না মোহামেডানও। রুবেল-তাজওয়ার-তাপসদের একের পর এক হিট ঠেকিয়ে দেন ঊষার গোলরক্ষক নিপ্পন। কিন্তু ৩০ মিনিটে কামরুজ্জামান রানার ক্রসে তাসাওয়ার আব্বাসের জোরালো হিট আর ঠেকাতে পারেননি তিনি। ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে অর্থাৎ ৪১ মিনিটে সালমান হুসাইনের ক্রসে তাসাওয়ার আব্বাসের গোলে এগিয়ে যায় মোহামেডান। ৪৬ মিনিটেই সমতা আনে ঊষা। পিসি থেকে কৃষ্ণ পুশে সারোয়ারের স্টপে হিট নেন ঊষার মালোয়েশিয়ান রিক্রুট সৈয়দ মোঃ শফিক বিন চোলান। ৫৫ মিনিটে পিসি থেকে গোল করতে ব্যর্থ হয় ঊষা। ৬০ মিনিটে একেবারে গোলমুখে দাঁড়িয়ে গোল করতে ব্যর্থ হন ঊষার মিমো। শেষ পাঁচ মিনিটে আরো ক’বার সুযোগ মিস করে দুদলই।
তারপর ৬৮ মিনিটে মোহামেডানের পাকিস্তানি রিক্রুট ওমর ভাট্টা রিভার্স হিটে দলকে গোল করে জয়ের স্বপ্ন দেখান। কিন্তু নাটকীয় মোচড়ে শেষ মিনিটে নাইমউদ্দিনের অসাধারন এক জোরালো হিটে সেকেন্ডেরও ভগ্নাংশের মধ্যে স্টিক ছুইয়ে মোহামেডানকে জয়বঞ্চিত করেন মিমো। ৩-৩ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত সময়।
পেনাল্টি শ্যুটআউটে প্রথমেই মিস করে বসেন ঊষার মাহবুব। পাকিস্তানি তাসাওয়ারের গোলে ১-০ তে এগিয়ে যায় মোহামেডান। কিন্তু দৃশ্যপট পাল্টে যায় কামরুজ্জামান রানা আর ওমর ভাট্টা অদ্ভুতভাবে মিস করলে। পুস্কর খীসা মিমোর দর্শনীয় গোলে ৭-৫ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঊষা। মাহবুবের মিস ছাড়া ঊষার পক্ষে গোল করেন কৃষ্ণ, ফাইজাল বিন শারি, নাইম উদ্দিন এবং মিমো। আর মোহামেডানের পক্ষে সালমান হুসাইন আর রিজওয়ান গোল করলেও রানা আর ওমর ভাট্টার মিসে হেরে যায় তারা।
আগামীকালের আবাহনী লিঃ এবং ইয়াংস মেরিনার্স ক্লাবের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দল ৯ই এপ্রিল বিকেল তিনটায় ফাইনালে মুখোমুখি হবে ঊষা ক্রীড়া চক্রের।
For add
For add
For add
For add
for Add