for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ এপ্রিল ২০১৬, শনিবার, ১৯:৪৮:২২
স্বাগতিক তাজিকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। তাজিকিস্তানের রাজধানী দুশানবে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথমার্ধেই স্বাগতিকদের বিপক্ষে ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে গোলাম রব্বানী ছোটনের দল।
খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ৫ মিনিটেই দলকে এগিয়ে দেন তহুরা। এর তিন মিনিট পরেই আনুচিং গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলের রেশ কাটতে না কাটতে ১১ মিনিটেই আবার তহুরার গোল। তার ঠিক দু মিনিট পরেই আনুচিং গোল করলে মাত্র ১৩ মিনিটেই ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১৬ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন মনিকা চাকমা।
প্রধমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও স্বাগতিকদের মাঠে ছড়ি ঘোরায় বাংলাদেশের মেয়েরা। ৪৪ মিনিটে মনিকা চাকমা দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন। ৫৭ মিনিটে আরো এক গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মনিকা। গোল করায় পিছিয়ে ছিলেন না আরেক ফুটবলার আঁখিও। দ্বিতীয়ার্ধে তাজিক মেয়েরা একটি গোল শোধ দিলে সেটি কেবল সান্ত্বনা হয়েই থাকে তাদের জন্য। ৬১ মিনিটে ব্যবধান ৮-১ হয়। বাকি ছিল তহুরা এবং আনুচিংয়ের হ্যাটট্রিক। আনুচিং না পারলেও তহুরা ঠিকই পেরেছেন। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে গোল করে বাংলাদেশকে এনে দেন ৯-১ গোলের বিশাল জয়। এতে টানা দ্বিতীয়বার এএফসি অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের ফাইনালে ওঠে বাংলাদেশ।
এর আগে গ্রুপ পর্বে ভারতকে ৩-১ এবং নেপালকে ৯-০ গোলে বিধ্বস্ত করে সেমিতে ওঠে কোচ গোলাম রাব্বানী ছোটনের দল। গত বছর এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে ভুটানের জালে দিয়েছিল ১৬ গোল। হারিয়েছিল শক্তিশালী ইরানকেও। গত বছরের এপ্রিলে নেপালের ভয়াবহ ভূমিকম্প নির্ধারিত ফাইনালটি হতে দেয়নি। ডিসেম্বরে নেপালেই পুনঃনির্ধারিত ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
For add
For add
For add
For add
for Add