for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার, ১৫:৫৬:১৩
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। গতকাল (বুধবার) রাতে মেসি-নেইমারদের বিদায় করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সেলোনার মাঠে ১-২ গোলে হারা অ্যাটলেটিকো মাদ্রিদ ঘরে জিতেছে ২-০ গোলে। দুই লেগ মিলে ৩-২ অ্যাগ্রিগেটে সেমিতে পা রাখল দিয়েগো সিমিওনের শিষ্যরা। এর মধ্য দিয়ে লু্ইস এনরিকের বার্সার বিপক্ষে আট ম্যাচের মাথায় এসে প্রথম জয়ের দেখা পেল অ্যাটলেটিকো।
অ্যাটলেটিকোর জয়ের নায়ক ফরাসি স্ট্রাইকার অ্যান্তোনি গ্রিজম্যান। তার জোড়া গোলেই বার্সার আকাশে নামে দুঃস্বপ্নের রাত। পুরো ম্যাচজুড়েই নিষ্প্রভ থাকেন মেসি-সুয়ারেজ-নেইমার। নব্বই মিনিটেও জালের ঠিকানা খুঁজে পাননি ল্যাটিন আমেরিকার তিন তারকা ফরোয়ার্ড। টানা পাঁচ ম্যাচে গোলহীন থাকা আর্জেন্টাইন অধিনায়কের জাতীয় দল ও ক্লাবের হয়ে ৫০০তম গোলের অপেক্ষাটাও দীর্ঘায়িত হলো।
ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে খেলার শুরু থেকেই অনেকটা রক্ষণাত্মক কৌশল বেছে নেয় বার্সা। ডিফেন্ডারদের ভুলে ৩৬ মিনিটে গোল হজম করার পরই টনক নড়ে লুইস এনরিকের শিষ্যদের। ডি-বক্সে মার্কিংয়ের বাইরে থাকা গ্রিজম্যান সাউলের বাড়ানো বলটি হেডে জালে পাঠান।
অ্যাগ্রিগেট স্কোরলাইন দাঁড়ায় ২-২। এ ব্যবধানে ম্যাচ শেষ হলেও ন্যু ক্যাম্পের অ্যাওয়ে গোলটিই অ্যাটলেটিকোকে শেষ চারে নিয়ে যেত। এক ম্যাচের নিষেধাজ্ঞায় (লাল কার্ড) ঘরের মাঠে দর্শক ভূমিকায় থাকেন প্রথম লেগের গোলস্কোরার ফার্নান্দো তোরেস।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া বার্সার আক্রমণাত্মক ফুটবল স্বাগতিকদের রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি। উল্টো নির্ধারিত সময়ের দু’মিনিট আগে পেনাল্টি বক্সে ইচ্ছাকৃত হ্যান্ডবলে দলের বিপদ ডেকে আনেন অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুন করেন গ্রিজম্যান।
এর দু’মিনিট পরই পেনাল্টি পেতে পারত বার্সা! ডি-বক্স সীমানা ঘেঁষে দাঁড়ানো অ্যাটলেটিকো স্ট্রাইকার অ্যাঙ্গেল কোরেয়ার হাতে বল লাগলে সমস্বরে পেনাল্টির দাবি করেন ইনিয়েস্তা-বুসকেটসরা। কিন্তু, রেফারি ফ্রি-কিকের নির্দেশ দেন। তখন বার্সার ভাগ্য নির্ভর করছিল মেসির পায়ের উপরই!
কিন্তু, হতাশই করলেন মেসি। তার বাঁ পায়ের বাঁকানো শটটি গোলপোস্টের ঠিক উপর দিয়ে চলে যায়। অ্যাগ্রিগেটে সমতায় ফিরে অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানোর শেষ সম্ভাবনাটুকুও ভেস্তে যায়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হতাশায় নিমজ্জিত হন মেসি-নেইমার-সুয়ারেজরা।
For add
For add
For add
For add
for Add