for Add
নিজস্ব প্রতিবেদক : ৩১ মার্চ ২০১৬, বৃহস্পতিবার, ২০:০৩:২৫
কাল বাদে পরশু আরেকটি এল ক্লাসিকো। কিন্তু বাতাসে বারুদের সেই গন্ধ কই! বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ধ্রুপদি লড়াইকে আসলে উত্তাপহীন করে ফেলেছে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকা। ৩০ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। ১০ পয়েন্ট কম নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল রয়েছে তিন নম্বরে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদও বার্সার চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে। এই যখন অবস্থা, কেউ কেউ তো পারলে লা লিগার শিরোপাটা এখনই তুলে দেয় বর্তমান চ্যাম্পিয়ন বার্সার হাতে! রিয়ালের লিগ জয়ের কোনো সুযোগই তারা দেখছেন না।
কিন্তু গ্যারেথ বেল বলছেন, তাদের আশা এখনো শেষ হয়ে যায়নি। আরেকটি এল ক্লাসিকোতে মুখোমুখি হওয়ার আগে প্রতিদ্বন্দ্বী বার্সাকে সতর্ক করে দিয়ে ওয়েলস উইঙ্গার বলছেন, রিয়ালের লিগ জয়ের সম্ভাবনা এখনো আছে। শনিবার বার্সেলোনাকে হারিয়েই রিয়াল ভালোভাবে শিরোপা লড়াইয়ে ফিরবে বলে বেলের বিশ্বাস,‘আমি বিশ্বাস করি, ফুটবলে সবকিছুই সম্ভব। এই মুহূর্তে আমরা ১০ পয়েন্টে পিছিয়ে বটে, তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব। শনিবার যদি আমরা পয়েন্টের ব্যবধানটা সাতে নামিয়ে আনতে পারি, আপনি কখনোই বলতে পারবেন না তখন কী ঘটবে।’
পয়েন্টের ব্যবধান কমিয়ে আনার তাড়না তো আছেই। শনিবারের এল ক্লাসিকোতে জিততে রিয়ালকে মরিয়া করে তুলছে প্রতিশোধ স্পৃহাও। গত নভেম্বরে এই লিগেরই প্রথমপর্বের ম্যাচে রিয়ালকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল বার্সেলোনা। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বড় ব্যবধানে সেই হারের ক্ষত এখনো ভুলতে পারেনি রিয়াল। বেল-রোনালদোরা সেই ক্ষতে প্রলেপ দিতে চান বার্সাকে বার্সার মাঠে হারিয়ে। তবে বেলদের এটাও মনে রাখতে হচ্ছে, ২০১২ সালের পর বার্সেলোনার ঘরের মাঠ ন্যু-ক্যাম্প থেকে কখনোই জয় নিয়ে ফিরতে পারেনি রিয়াল। রিয়াল কী পারবে দীর্ঘদিন পর ন্যু-ক্যাম্পে গিয়ে বার্সাকে হারিয়ে শিরোপা লড়াইয়ে নতুন করে প্রাণ ফেরাতে?
বেলকে আশাবাদী করে তুলছে সতীর্থদের জয় ক্ষুধা আর ডাগআউটে জিনেদিন জিদানের উপস্থিতি। খেলোয়াড়ী জীবনে অনেকবারই এল ক্লাসিকোতে রিয়ালকে জয়ের হাসি হাসিয়েছেন জিদান। প্রধান কোচ হিসেবে এল ক্লাসিকোতে প্রথম মুখোমুখি হচ্ছেন শনিবার। জিদানের আক্রমণাত্মক মনোভাব দল হিসেবে রিয়ালকে অনেক বেশি উজ্জীবিত করেছে। তথ্যসূত্র: ইয়াহোস্পোর্টস।
For add
For add
For add
For add
for Add