for Add
স্পোর্টস ডেস্ক : ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১৮:২২:১৬

বিভিন্ন ইস্যুতে বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফলে আগামী নির্বাচনে তার পুনর্নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। প্রতিদ্বন্দ্বিতায় নামলেও তার জয় কতটা নিশ্চিত, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে এমন পরিস্থিতিতে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সংস্থাটির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা প্রকাশ্যেই জানিয়েছেন, ফিফার শীর্ষ পদে ইনফান্তিনোর নতুন মেয়াদের প্রচেষ্টাকে সমর্থন দেবে এশিয়া।
টোকিওতে অনুষ্ঠিত এএফসির কংগ্রেসে ইনফান্তিনোর উপস্থিতিতে শেখ সালমান বলেন, ‘ফিফা সভাপতি হিসেবে নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার লক্ষ্যে আপনার প্রচেষ্টার প্রতি সমর্থন জানাতে আমরা আমাদের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’
এএফসির এই সমর্থনকে ফিফার ক্ষমতার সমীকরণে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। কারণ, মাত্র দুই মাস আগেই উয়েফা ও কনকাকাফের প্রধানদের সঙ্গে যৌথ চিঠিতে ইনফান্তিনোর সমালোচনা করেছিলেন শেখ সালমান। সে সময় ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্প ঘিরে ‘প্রতারণার মাধ্যমে’ আস্থা ভঙ্গের অভিযোগ তোলেন তিন কনফেডারেশনপ্রধান। একই সঙ্গে বিষয়টিকে সিদ্ধান্ত গ্রহণে গুরুতর ব্যর্থতা হিসেবে উল্লেখ করে তারা ফিফার নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
তবে আগের সেই অবস্থান থেকে সরে এসে এবার ইনফান্তিনোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এএফসি সভাপতি। তার বক্তব্যে উঠে এসেছে অতীতের মতপার্থক্য পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার বার্তা।
শেখ সালমান বলেন, ‘এই মহাদেশের অনেক সদস্যের সঙ্গে আমি কথা বলেছি। তারা কী ভাবছেন, তা আমি জানি। আপনাকে সমর্থন দেওয়ার ব্যাপারে তাদের অঙ্গীকারও স্পষ্ট। জিয়ান্নির প্রতি তাদের সমর্থন পরিষ্কার।’
তিনি আরও বলেন, ‘হ্যাঁ, আমাদের কিছু সমস্যা ছিল। অতীতে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে বিষয়গুলোকে এক করে দেখা উচিত নয়। এশীয় ফুটবল পরিবারের সদস্য হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে জিয়ান্নিকে সমর্থন দিয়ে সামনে এগিয়ে যেতে প্রস্তুত।’
আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় ইনফান্তিনোর শক্ত অবস্থানের পাশাপাশি এশিয়ার সমর্থনও তার পুনর্নির্বাচনের সম্ভাবনা বাড়াতে পারে। বিশেষ করে এশিয়ার সদস্যদেশগুলোর সমর্থন নিশ্চিত হলে ফিফার সভাপতি পদে আরেক মেয়াদে দায়িত্ব নেওয়ার পথে সুবিধাজনক অবস্থানে চলে আসতে পারেন তিনি।
আগামী মার্চে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হওয়ার কথা ফিফা সভাপতি নির্বাচন। নির্বাচনে বিভিন্ন কনফেডারেশনের ভোটসংখ্যা বেশ গুরুত্বপূর্ণ। উয়েফার রয়েছে ৫৫টি ভোট, আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) ৫৪টি, এএফসির ৪৬টি, কনকাকাফের ৩৫টি, ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের ১১টি এবং দক্ষিণ আমেরিকার কনমেবলের ১০টি ভোট।
ইনফান্তিনোর বিপক্ষে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা নিশ্চিত করেননি। ফলে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগও রয়েছে বর্তমান ফিফা সভাপতির সামনে।
সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় এসেছিল কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি ও উয়েফা প্রধান আলেক্সান্দার সেফেরিনের নাম। তবে দুজনই জানিয়ে দিয়েছেন, তারা নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে নেই।
সব মিলিয়ে, অতীতের মতবিরোধ সত্ত্বেও এএফসির সমর্থন ইনফান্তিনোর জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। এখন নির্বাচনের আগে অন্য কনফেডারেশনগুলোর অবস্থান এবং সম্ভাব্য প্রার্থীদের সিদ্ধান্তই নির্ধারণ করবে, ফিফার শীর্ষ পদে তার চতুর্থ মেয়াদ নিশ্চিত হয় কি না।
For add
For add
For add
For add
for Add