for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ০:২৩:৪৯

নয়টি জাতীয় রেকর্ডে সামার অ্যাথলেটিকসের পর্দা নামল
নয়টি নতুন জাতীয় রেকর্ড গড়ার কীর্তিতে শেষ হয়েছে আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা। তিন দিনের এই আসরে ২১টি স্বর্ণসহ মোট ৬০টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেরা পুরুষ অ্যাথলেট নির্বাচিত হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর স্প্রিন্টার ইমরানুর রহমান। নারী বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন একই সংস্থার দৌড়বিদ প্রিয়া আক্তার।
১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার রিলেতে স্বর্ণ জিতে সেরা পুরুষ অ্যাথলেটের পুরস্কার হিসেবে ১০০ সিসির একটি মোটরসাইকেল পেয়েছেন ইমরানুর। অন্যদিকে ৮০০, ১৫০০ ও ৩০০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন প্রিয়া। এর মধ্যে ১৫০০ ও ৩০০০ মিটারে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। সেরা নারী অ্যাথলেটের পুরস্কার হিসেবে প্রিয়া পেয়েছেন ৮০ হাজার টাকা।
পদক তালিকায় ১৮টি স্বর্ণসহ মোট ৪৫টি পদক নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। একটি স্বর্ণসহ চারটি পদক জিতে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)।
প্রতিযোগিতার শেষ দিনে পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে ৩৩ মিনিট ১২.৪০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সোহানুর রহমান। পুরুষদের ৮০০ মিটারে একই সংস্থার মোশারফ হোসেন এবং নারীদের ৮০০ মিটারে বাংলাদেশ নৌবাহিনীর পাপিয়া আক্তার সেরা হয়েছেন।
দিনের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য এসেছে নারীদের ৪×৪০০ মিটার রিলেতে। ৩ মিনিট ৪৮.৬ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ নৌবাহিনী।
রোববার বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মো. আবদুল্লাহ জাবের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
For add
For add
For add
For add
for Add