for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ০:২৬:৫৪

প্রথম মিনিটে এগিয়ে, শেষ পর্যন্ত ৩-১ গোলে হার
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দারুণ শুরু করেও জয়ের দেখা পেল না বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের বিপক্ষে প্রথম মিনিটেই এগিয়ে গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। বাংলাদেশের দুটি আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরানোর পাশাপাশি ব্যবধানও বাড়িয়ে নেয় পর্তুগাল।
আজ ম্যাচের প্রথম মিনিটেই বায়জিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শুরুতেই লিড নিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠা দলটি অবশ্য সেই সুবিধা ধরে রাখতে পারেনি। সপ্তম মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে পর্তুগাল। এরপর ১২ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৩৮ মিনিটে আরও একটি আত্মঘাতী গোলে ব্যবধান বাড়িয়ে নেয় পর্তুগিজরা। শেষ পর্যন্ত ৩-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
এর আগে আরেক ইউরোপীয় দল ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করে টুর্নামেন্টে আশাব্যঞ্জক সূচনা করেছিল বাংলাদেশ। পর্তুগালের বিপক্ষে শুরুতে এগিয়ে যাওয়ায় সেই ধারাবাহিকতা ধরে রাখার সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু আত্মঘাতী গোলের খেসারত দিয়ে শেষ পর্যন্ত পয়েন্টশূন্য থাকতে হলো দলটিকে।
প্রথমবারের মতো ফিফা আয়োজিত এই বয়সভিত্তিক বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে ১৯১টি দেশ। দলগুলোকে ৩২টি গ্রুপে ভাগ করে আয়োজন করা হয়েছে প্রতিযোগিতাটি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার এই উদ্যোগের মধ্য দিয়ে বয়সভিত্তিক পর্যায়ে ফুটবলের প্রসার ও তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।
For add
For add
For add
For add
for Add