for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২২:৪৬:৪৬

পুরস্কার নিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি। সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের হয়ে ব্যস্ত থাকার কারণে তার অনুষ্ঠানে আসা হয়নি। কিন্তু পুরস্কার ঘোষণার মুহূর্তে দর্শকসারিতে যে করতালি উঠল, তাতে স্পষ্ট হয়ে গেল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাঁর জনপ্রিয়তা কতটা। তিনি হামজা চৌধুরী। সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০২৫-এ বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই তারকা ফুটবলার।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখন পোস্টার বয় হামজা। এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। ইংলিশ ফুটবলার হিসেবে যে স্বপ্ন নিয়ে ফুটবল মাঠে যাত্রা শুরু করেছিলেন, সেই স্বপ্নের পাশাপাশি বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্নও পূরণ হয়েছে তাঁর। ইংল্যান্ডের হয়ে খেলার আকাঙ্ক্ষা থাকলেও বাংলাদেশে কখনো খেলবেন কি না, তা নিয়ে কয়েক বছর আগেও নিশ্চিত করে কিছু বলতে পারেননি হামজা। সেই হামজারই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ২০২৫ সালের মার্চে। তাঁকে ঘিরে দেশের ফুটবলে যে আলোড়ন তৈরি হয়েছিল, অনেকেই সেটিকে বাংলাদেশের ফুটবলের নতুন জাগরণ হিসেবে দেখেছেন।
হামজা এখন দেশের কোটি ফুটবলপ্রেমীর আবেগের নাম। তাঁর উপস্থিতি ও পারফরম্যান্সে বাংলাদেশের ফুটবল নতুন করে আলোচনায় এসেছে। হারানো গৌরব ফিরে পাওয়ার স্বপ্নও দেখছেন সমর্থকেরা।
আজ রাজধানীর একটি হোটেলে দৈনিক প্রথম আলো আয়োজিত ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদের নাম ঘোষণার আগে মঞ্চে ওঠেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্বদের উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এখানে অনেক কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্বকে দেখছি। এই দিনটিকে আমরা আরও বড় পরিসরে উদ্যাপন করতে চাই।’
বুধবার রাতে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা বাংলাদেশ দলের প্রশংসাও করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘গতকাল অসাধারণ ম্যাচ খেলেছে বাংলাদেশ ফুটবল দল। এই খেলা ধরে রাখতে পারলে আমাদের কাছ থেকে কেউ শিরোপা নিতে পারবে না।’
এরপর বর্ষসেরা ক্রীড়াবিদের নাম ঘোষণায় খানিকটা নাটকীয়তা তৈরি করেন আমিনুল হক। হামজার নাম ঘোষণার আগে তিনি বলেন, ‘যিনি পুরস্কার জিতেছেন, তিনি এই মুহূর্তে বাংলাদেশের ক্রেজ। শুধু দেশে নয়, বিদেশেও তাঁর সুখ্যাতি রয়েছে। বাংলাদেশ তাঁকে নিয়ে গর্ব করে, গর্ব করবে। ২০০৩ সালের পর আবারও সাফ জিততে পারি, যার হাত ধরে, তিনি হামজা চৌধুরী।’
অনুষ্ঠানে পঞ্চাশ ও ষাটের দশকের ক্রিকেটার এবং প্রবীণ ক্রিকেট সংগঠক লুৎফুর রহমান মাখনকে দেওয়া হয় আজীবন সম্মাননা।
পাঠকের ভোটে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচনের তালিকাতেও ছিলেন হামজা। তাঁর সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ঋতুপর্ণা চাকমা, মোস্তাফিজুর রহমান, মিলি আক্তার, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। এই বিভাগেও বর্ষসেরা হয়েছেন হামজা।
এবার ছয়টি ক্যাটাগরিতে মোট সাতজনকে পুরস্কৃত করা হয়েছে। বর্ষসেরা ক্রীড়াবিদ, আজীবন সম্মাননা ও পাঠকের ভোটে বর্ষসেরা—এই তিন বিভাগ ছাড়াও বর্ষসেরা রানারআপ হয়েছেন হকি তারকা আমিরুল ইসলাম ও নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। বর্ষসেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন টেবিল টেনিসের তরুণ প্রতিভা খই খই মারমা।
সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০২৫-এর সেরা ক্রীড়াবিদ নির্বাচনে জুরি বোর্ডে ছিলেন চারজন সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ এবং একজন সাংবাদিক। বোর্ডের প্রধান ছিলেন কিংবদন্তি ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। অন্য সদস্যরা হলেন সাবেক ক্রিকেটার আকরাম খান, শুটার শারমিন আক্তার রত্না, হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি ও সাংবাদিক দুলাল মাহমুদ।
For add
For add
For add
For add
for Add