for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৭:৫৩:৫০

সাফের বিরুদ্ধে বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। দক্ষিণ এশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁর দাবি, সাফ আরবদের পছন্দ করে না। বাংলাদেশের কাছে ৪-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনে এমন বিস্ফোরক মন্তব্য করেন কুয়েতের এই কোচ। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, সাফ অঞ্চলে এটাই তাঁর শেষ আসা।
সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশকে জয়ের জন্য অভিনন্দন জানান মুতাইরি। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সাফের কর্মকর্তাদের ভূমিকা। সংস্থাটির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে নিজের অসন্তোষের কথা জানান তিনি।
মুতাইরির অভিযোগ, সাফের আইন বিভাগের প্রধান তানজিম আহমেদ খান ম্যাচের আগের রাতে তাঁকে ই-মেইল পাঠিয়ে ছয় মাসের নিষেধাজ্ঞা ও ১০ হাজার মার্কিন ডলার জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন। অথচ তাঁর দাবি, তিনি কোনো আপত্তিকর ভাষা ব্যবহার করেননি কিংবা কোনো খেলোয়াড়ের সঙ্গে অসদাচরণও করেননি।
সাফের এই অবস্থানের সঙ্গে ভারতের কোচের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার তুলনা টানেন মুতাইরি। তাঁর অভিযোগ, ২০২৩ সালে ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের কোচ এক পাকিস্তানি খেলোয়াড়কে স্পর্শ করলেও সাফ তাঁর বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেয়নি। বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা থাকায় ওই কোচকে ছাড় দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। অথচ নিজের ক্ষেত্রে সামান্য বক্তব্যের জন্য মধ্যরাতে শাস্তির হুমকি দেওয়া হচ্ছে।
সাফের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করে মুতাইরি বলেন, ‘আমি শুধু একটা কথা বলতে চাই। সাফ যদি ফুটবলের উন্নয়ন চায়, তাহলে তাদের একটাই কাজ করা উচিত—শুধু ফুটবল খেলতে দেওয়া। আমি মনে করি, সাফে সমস্যা আছে, আরবদের প্রতি বর্ণবাদী আচরণ করা হয়। তারা আরবদের পছন্দ করে না।’
সাফের সঙ্গে বিরোধ অবশ্য এবারই প্রথম নয় মুতাইরির। ২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপের একটি ঘটনাও সামনে এনেছেন তিনি। তাঁর দাবি, দুটি ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ার কারণে তাঁকে ফাইনালে নিষিদ্ধ করা হয়েছিল। অথচ প্রতিযোগিতার নিয়মে এমন কোনো বিধান ছিল না। সে সময় সাফের কর্মকর্তারা নিয়ম প্রয়োগে ভুলের কথা স্বীকার করেছিলেন বলেও দাবি করেন শ্রীলঙ্কার কোচ।
এবারের ঘটনায় সাফের কাছে ১৪টি পয়েন্টে নিজের অবস্থান ব্যাখ্যা করে জবাব পাঠিয়েছেন বলে জানিয়েছেন মুতাইরি। তবে তাতেও তাঁর অসন্তোষ কাটেনি। সংবাদ সম্মেলনের শেষ দিকে দক্ষিণ এশীয় ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়েও স্পষ্ট অবস্থান জানান তিনি।
মুতাইরির ভাষায়, ‘এটাই সাফ অঞ্চলে আমার শেষ আসা।’
বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারের হতাশার দিনে শ্রীলঙ্কার কোচের এমন বক্তব্য সাফের ভূমিকা ও আঞ্চলিক ফুটবলের প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে তাঁর তোলা অভিযোগগুলোর বিষয়ে সাফের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
For add
For add
For add
For add
for Add