for Add
বাসস : ৯ ফেব্রুয়ারি ২০২২, বুধবার, ৮:১৮:৩৮

অসাধারণ পারফর্মেন্সের কারণে আইসিসি জানুয়ারি মাস সেরা খেলোয়াড়ের মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ফাস্ট বোলার এবাদত হোসেন। তার অসাধারণ নৈপুণ্যে গত মাসে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ নিয়েছে টাইগাররা।
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে এবাদত ৪৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে অবশ্য বাংলাদেশকে পরাজিত করে কিউইরা। ফলে ১-১ ব্যাবধানে ড্র হয় সিরিজটি। তবে সিরিজটি বাংলাদেশের জন্য মাইল ফলক হয়ে থাকবে। কারণ এমন একটি সময় টাইগাররা ওই জয়টি পেয়েছিল, যখন টেস্ট পারফর্মেন্সের গ্রাফ সোজা নিচের দিকে নামতে শুরু করেছিল।
জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য এবাদতের সঙ্গে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই উদীয়মান তারকা ডেওয়াল্ড ব্রেভিস ও কিগান পিটারসেন।
এবাদত প্রসঙ্গে আইসিসি লিখেছে, ‘১১ টেস্ট থেকে ১৮ রান সংগ্রহ করা ইবাদত ক্যারিয়ার সেরা ৪৬ রানে ৬ উইকেট সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ দলের নতুন সেনসেশন হিসেবে আবির্ভুত হয়েছেন। গত মাসে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ২৭ বছর বয়সি এ ফাস্ট বোলারের প্রথমবারের মত পাঁচ এর অধিক উইকেট শিকারে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে আট উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে টাইগাররা।’
এর আগে ১০ টেস্ট থেকে ১১ উইকেট লাভ করেছিলেন ২০১৯ সালে টেস্ট অভিষেক পাওয়া এবাদত। প্রথম ইনিংসে ৭৫ রানে মাত্র এক উইকেট শিকার করেছিলেন তিনি। কিউইদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের বিপরীতে ক্যারিয়ার সেরা দক্ষাতা দেখাতে সক্ষম হয় এবাদত। ডান হাতি ওই পেসার মাত্র ১১ বলের মধ্যেই ফিরিয়ে দেন উইল ইয়াং, হেনরি নিকোলাস ও টম ব্লান্ডেলকে। এর ফলে সফরকারি বাংলাদেশ চতুর্থ দিন শেষে ম্যাচের চালকের আসনে বসে।
এর আগে বাংলাদেশ থেকে মাস সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ ও নারী ক্রিকেটরা নাহিদা আকতার। এদের মধ্য থেকে শেষ পর্যন্ত পুরস্কার জিতেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
মেয়েদের মাস সেরার লড়াইয়ে আছেন শ্রীলংকার টি-টোয়েন্টি দলের অধিনায়ক চামারি আতাপাত্তু, ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার দিন্দ্রা ডটিন ও ইংল্যান্ডের অধিনায়ক হিথার নাইট।
প্রতি ক্যালেন্ডার মাসের প্রথম দিন থেকে শেষ দিনের পারফর্মেন্সের ভিত্তিতে উভয় ক্যাটাগরি থেকে তিনজন করে খেলোয়াড়কে সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এদের মধ্য থেকে আইসিসির স্বাধীন ভোটিং একাডেমি ও সারা বিশে^র সমর্থকদের কাছ থেকে ভোট গ্রহণ করা হয়। আইসিসির ভোটিং একাডেমিতে রয়েছে ক্রিকেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, নামকরা সাংবাদিক, সাবেক খেলোয়াড়, সম্প্রচারক ও আইসিসির হল অব ফেমের সদস্যরা।
ভোটিং একাডেমি ই-মেইেলের মাধ্যমে ভোট সংগ্রহ করে। তাদের অধিকারে রয়েছে ৯০ শতাংশ ভোট। আর সমর্থকরা আইসিসির ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। যাদের অধিকারে রয়েছে দশ শতাংশ ভোট। প্রতি মাসের দ্বিতীয় সোমবার আইসিসির ডিজিটাল চ্যানেলে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
For add
For add
For add
For add
for Add