for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২১:০৪:৫৮

পেসার মারুফা আক্তারকে ছাড়াই আইসিসি নারী টি-টোয়েন্টি ইমার্জিং নেশন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডান পায়ের গোড়ালির চোটের কারণে আসন্ন এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না মারুফার।
বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তাঁর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সোবহানা মোস্তারি। এই টুর্নামেন্ট দিয়েই টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে নাহিদার। গত সেপ্টেম্বরে এশিয়ান গেমসের পর এই সংস্করণে নেতৃত্ব ছাড়েন নিগার সুলতানা জ্যোতি।
এশিয়ান গেমসের দল থেকে তিনটি পরিবর্তন এনেছে বিসিবি। মারুফা আক্তার, সুলতানা খাতুন ও শারমিন সুলতানার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ব্যাটার সাথি রানী, স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনা ও পেস বোলিং অলরাউন্ডার দিশা বিশ্বাস।
প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন সাথি। সুমনার প্রত্যাবর্তন দেড় বছর পর। অন্যদিকে এখনো এই সংস্করণে আন্তর্জাতিক অভিষেক হয়নি দিশার।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে আগামী ১২ নভেম্বর শুরু হবে নারী ইমার্জিং নেশন্স ট্রফির দ্বিতীয় আসর। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে ১০টি দল। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড, পাকিস্তান, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে। ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি।
১২ নভেম্বর উদ্বোধনী দিনেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে নাহিদার দল।
দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল খেলবে সুপার সিক্স পর্বে। সেখান থেকে সেরা দুই দল ২৫ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে। টুর্নামেন্টে অংশ নিতে ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
বাংলাদেশ দল: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথি রানী।
For add
For add
For add
For add
for Add