for Add
স্পোর্টস ডেস্ক : ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ২১:২২:০৩

সুপারস্পোর্ট পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে মাত্র ৯১ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ।
বৃষ্টির কারণে টস হতে দেরি হওয়ায় ম্যাচের প্রথম সেশনের পুরো খেলাই পরিত্যক্ত হয়। এরপর টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসারদের সুইং, সিম ও বাউন্সের সামনে শুরু থেকেই বিপাকে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। চা-বিরতিতে ৬ উইকেটে ৮৫ রান তুলেছিল দলটি।
বাংলাদেশের ব্যাটাররা উইকেটে থিতু হওয়ার মতো ধৈর্য দেখাতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ও মার্কো জানসেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান। দুজনই শিকার করেন তিনটি করে উইকেট।
জানসেনের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে প্রথম স্লিপে ক্যাচ তুলে দেন তানজিদ হাসান তামিম। তাঁর বিদায়ের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের বিপর্যয়।
অন্য ওপেনার মাহফিজুল ইসলাম রবিন অবশ্য কাগিসো রাবাদার বিপক্ষে কয়েকটি আত্মবিশ্বাসী শট খেলে কিছুটা আশার সঞ্চার করেন। তবে দক্ষিণ আফ্রিকার পেসারদের গতির সামনে বেশিক্ষণ টিকতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। আনরিখ নরকিয়ার দ্রুতগতির বলে ২৩ রান করা মাহফিজুল ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪ রানে ফেরেন। ৪৪ রানেই তিন উইকেট হারায় বাংলাদেশ।
নরকিয়ার বিপক্ষে বেশ কিছুক্ষণ লড়াই করার পর উইয়ান মুল্ডারের বলে ১৮ রান করে আউট হন মুমিনুল হক। এরপর জানসেনের শিকার হয়ে ৮ রানে ফেরেন লিটন দাস। তাতে আরও গভীর হয় বাংলাদেশের সংকট।
ফর্মে থাকা তাওহীদ হৃদয় কিছুক্ষণ উইকেটে কাটান। বাঁহাতি স্পিনার সিমন হারমারের বলে একটি ছক্কাও হাঁকান তিনি। তবে আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে চা-বিরতির ঠিক আগে হারমারের বলে আউট হন হৃদয়।
চা-বিরতির পর বাকি চার উইকেট হারাতে বাংলাদেশের লাগে মাত্র ৬ রান। এ সময় রাবাদা তিনটি এবং জানসেন একটি উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন।
For add
For add
For add
For add
for Add