for Add
স্পোর্টস ডেস্ক : ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২৩:৫৩:০১

জোহানেসবার্গে বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়কে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তাকারী কর্মীদের জন্য প্রণীত আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গের দায়ে হৃদয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে।
জরিমানার পাশাপাশি তাঁর শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে এটিই তাঁর প্রথম অপরাধ।
খারাপ আলোর কারণে খেলা বন্ধ হওয়ার পর ঘটনাটি ঘটে। সে সময় মাঠের আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেন হৃদয়। তাঁর যুক্তি ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। এ সময় আম্পায়ারদের সঙ্গে আক্রমণাত্মক ও অশোভন ভঙ্গিতে কথা বলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়।
হৃদয় নিজের অপরাধ স্বীকার করে নেন এবং আইসিসির এমিরেটস এলিট প্যানেল অব ম্যাচ রেফারিজের সদস্য অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, লেভেল-১ অপরাধের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে।
For add
For add
For add
For add
for Add