for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ নভেম্বর ২০২৬, রবিবার, ২৩:৩৯:২৬

ঢাকার বাইরে প্রাথমিকভাবে ছয় থেকে সাতটি শহরে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। এসব একাডেমিতে বিসিবি নিয়োজিত কোচদের অধীনে বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন তরুণ ক্রিকেটাররা।
তামিমের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান তরুণেরা সহজেই ক্রিকেট প্রশিক্ষণের সুযোগ পাবে। এ ক্ষেত্রে বিদ্যমান মাঠ, ইনডোর সুবিধা ও কোচিং অবকাঠামো কাজে লাগাতে চায় বিসিবি।
বিসিবি সভাপতি জানান, আগামী ২৮ নভেম্বর বোর্ডের পরবর্তী সভায় তিনি এ প্রস্তাব উত্থাপন করবেন। অনুমোদন পেলে আগামী কয়েক মাসের মধ্যেই কর্মসূচিটি শুরু করা সম্ভব।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘উদাহরণ হিসেবে সিলেটের কথা ধরুন। সেখানে মাঠ আছে, উইকেট আছে, ইনডোর সুবিধাও রয়েছে। বিসিবি এরই মধ্যে কোচদের বেতন দিচ্ছে। তাহলে একটি একাডেমি চালু করতে আর কী প্রয়োজন? শুধু বল ও পোশাক।’
প্রাথমিকভাবে সিলেট, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালের মতো শহরে এসব একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে জানান তামিম। একাডেমিগুলো হবে অনাবাসিক। সংশ্লিষ্ট শহর ও আশপাশের এলাকার তরুণ ক্রিকেটাররা সেখানে প্রশিক্ষণ নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে পারবে।
শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টি বিবেচনায় রেখে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।
একাডেমিতে কতজন খেলোয়াড়কে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে একটি বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন বিসিবি সভাপতি—প্রশিক্ষণের জন্য কোনো ফি নেওয়া হবে না।
উদ্যোগটির উদ্দেশ্য ব্যাখ্যা করে তামিম বলেন, প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে তরুণ ক্রিকেটারদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ করে দিতে চান তিনি। এর মাধ্যমে বিদ্যমান বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়নপ্রক্রিয়াকে আরও কার্যকর করা সম্ভব হবে।
তামিমের ভাষ্য, বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে বয়স যাচাইসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা প্রায়ই টুর্নামেন্ট শুরুর ঠিক আগে সম্পন্ন হয়। একাডেমি কর্মসূচি কয়েক মাস আগে শুরু করা গেলে বাছাই করা খেলোয়াড়েরা প্রতিযোগিতায় নামার আগে প্রায় চার মাস কাঠামোবদ্ধ প্রশিক্ষণের সুযোগ পাবে।
তামিমের মতে, বিসিবির এ উদ্যোগ বেসরকারিভাবে পরিচালিত স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোর কার্যক্রমে বাধা সৃষ্টি করবে না; বরং সেগুলোর পরিপূরক হিসেবে কাজ করবে।
তিনি বলেন, ‘স্থানীয় একাডেমির খেলোয়াড়রা বিসিবি পরিচালিত কর্মসূচিতে সুযোগ পেলে ওই একাডেমিগুলোও উপকৃত হবে। কারণ, এমন স্বীকৃতি পেলে আরও বেশি অভিভাবক তাঁদের সন্তানদের এসব প্রতিষ্ঠানে ভর্তি করতে উৎসাহিত হবেন।’
ভবিষ্যতে দেশের ৬৪ জেলাতেই ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার উচ্চাকাঙ্ক্ষার কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি। তবে এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।
তামিম বলেন, ‘আমি দেশের ৬৪ জেলাতেই একাডেমি করতে চাই। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে হলে ন্যূনতম সুযোগ-সুবিধা থাকতে হবে।’
For add
For add
For add
For add
for Add